নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন
সংগৃহীত
ডাচ্-বাংলা ব্যাংকের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি কৌশলগত সম্মেলন (স্ট্র্যাটেজিক কনক্লেভ) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার বুরো ট্রেনিং সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের কাছে ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং এর অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন।
উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান উন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সম্মেলনে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।