কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ছবি: সংগৃহীত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল নিয়ে বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা। এ সময় বক্তব্য দেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বেনজির আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ ঘর থেকেই সচেতনতা শুরু করতে হবে।
তাঁরা আরও বলেন, সম্মিলিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য ব্যক্তি, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।