টিকটকে পরিচয়-প্রেম, বিয়ের দাবিতে স্কুলছাত্রের বাড়িতে গৃহবধূ; মেনে না নেয়ায় দুজনের আত্মহত্যা

টিকটকে পরিচয়-প্রেম, বিয়ের দাবিতে স্কুলছাত্রের বাড়িতে গৃহবধূ; মেনে না নেয়ায় দুজনের আত্মহত্যা

প্রতিকি ছবি

টিকটকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের দাবিতে স্কুলছাত্রের বাড়িতে গিয়ে অবস্থান নেন এক গৃহবধূ। তবে তাঁদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি পরিবার। এতেই ঘটে বিপত্তি, সম্পর্ক মেনে না নেয়ায় কীটনাশক পান করে ওই স্কুলছাত্র ও গৃহবধূ আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ওই গ্রাম থেকে আল আমিন মিয়া (১৫) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিহত আল আমিন ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে, নিহত তাসলিমা আক্তার তাজমিন (২৫) দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি পার্শ্ববর্তী পদুমশহর জোরডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী। তাঁর এক সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে কিশোর আল আমিনের সঙ্গে তাসলিমার পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত রবিবার (১১ অক্টোবর) বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে গিয়ে অবস্থান নেন তাসলিমা। তবে বয়সের ব্যবধান ও সামাজিক বাস্তবতার কারণে পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়।

পরদিন সোমবার (১২ অক্টোবর) জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করেন দুজন। বিষয়টি বুঝতে পেরে তাঁদের দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

ঘটনার পর আল আমিনের স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন। অন্যদিকে, তাসলিমার মরদেহ হাসপাতালেই ছিল। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ পূর্ব রাঘবপুর গ্রাম থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সাঘাটা থানার ওসি দুরুল হোদা বলেন, খবর পেয়ে পুলিশ আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।