এনএসইউ-এআইইউবিতে এবিজি ইউনিভার্সিটি কাপের প্রচারণায় তারুণ্যের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াঙ্গনের উন্মাদনা ছড়িয়ে দিতে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ এর ক্যাম্পাসভিত্তিক প্রচারণা কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) দিনের প্রথম পর্ব শুরু হয়। পরে বিকেল ৪টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়।
দুই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কার্যক্রমে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে আয়োজন করা হয় দুটি ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা। এনএসইউতে অনুষ্ঠিত হয় ‘বল জাগলিং’ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।
অন্যদিকে, এআইইউবিতে অনুষ্ঠিত হয় ‘ডিজি পেনাল্টি চ্যালেঞ্জ’, যেখানে অংশগ্রহণকারীদের জন্য ছিল ভিন্নধর্মী ও আনন্দঘন প্রতিযোগিতার অভিজ্ঞতা। দুই প্রতিযোগিতার বিজয়ীরা প্রত্যেকে ৫ হাজার টাকা করে পুরস্কার পান। এ দুই আয়োজনে সর্বমোট ১০ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬-এর উন্মাদনা ছড়িয়ে দিতে বিতরণ করা হয় এবিজি ইউনিভার্সিটি কাপ ফ্যান জার্সি। জার্সি বিতরণ, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন ক্রীড়াভিত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে দুই ক্যাম্পাসেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় শিক্ষার্থীরা আসন্ন এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ঘিরে নিজেদের আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই ক্যাম্পাসভিত্তিক প্রচারণার মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা। একই সঙ্গে এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬-কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দলীয় পরিচয়, বিশ্ববিদ্যালয়ের প্রতি গর্ব এবং ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা জোরদার করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে দ্বিতীয় দিনের সফল আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাস অ্যাক্টিভেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করা এবং এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।