আত্রাই নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
প্রতিকি ছবি
বন্ধুদের সাথে আত্রাই নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম ওরফে মুন্না নামে একজন দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আত্রাই নদীর শ্মশান ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত রবিউল ইসলাম ওরফে মুন্না দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের খছিরতপাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, মুন্না তার এক বন্ধুকে সাথে নিয়ে ওই শ্মশান ঘাট এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামে। তার ওই বন্ধু সাঁতরিয়ে নদীর অপর প্রান্তে গিয়ে উঠে দেখতে পান মুন্না নদীতে নেই। এসময় সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয় আদিবাসীরা ঘটনাস্থলে এসে মুন্নাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না একজন নিয়মিত ও মেধাবী ছাত্র ছিল। আগামী বছর সে এসএসসি পরীক্ষা দিতো।