নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ: জার্মানিতে ইউক্রেনীয় নাগরিকের বিচার শুরু
ছবিঃ সংগৃহিত।
ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত অন্তর্ঘাতের প্রায় চার বছর পর রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিকের বিচার শুরু হয়েছে জার্মানির হামবুর্গে।
রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের পাইপলাইনগুলো ধ্বংসের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
জার্মানির কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের নাম সেরহি কে। অভিযোগে বলা হয়েছে, তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে মিলে পাইপলাইনগুলো ধ্বংসের পরিকল্পনা করেছিলেন, যাতে গ্যাস বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে না পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জার্মানিতে মামলাটি অত্যন্ত সংবেদনশীল। ওই বছরের সেপ্টেম্বরে পাইপলাইনগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বছর জার্মানির কাছে প্রত্যর্পণের পর সেরহি এই ঘটনায় বিচারের মুখোমুখি হওয়া প্রথম সন্দেহভাজন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়া আরেক ইউক্রেনীয় সন্দেহভাজনও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বিস্ফোরণের পর সন্দেহের তির ছিল রাশিয়ার দিকে
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে ডেনমার্কের বর্নহোম দ্বীপের কাছে বিস্ফোরণে নর্ড স্ট্রিমের চারটি গ্যাস পাইপলাইনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর কয়েক মাস ধরে পশ্চিমা দেশগুলোর সন্দেহের কেন্দ্রে ছিল রাশিয়া, যদিও সরাসরি কাউকে দায়ী করা হয়নি।
বিস্ফোরণের কয়েক সপ্তাহ আগেই রাশিয়া নর্ড স্ট্রিম-১ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে, নর্ড স্ট্রিম-২ কখনওই চালু হয়নি। ইউক্রেনে রুশ আগ্রাসনের কিছুদিন আগে বার্লিন বহু বিলিয়ন ডলারের প্রকল্পটির অনুমোদন স্থগিত করেছিল। বিস্ফোরণের আগে রুশ নৌযানের সন্দেহজনক চলাচলের খবরও প্রকাশিত হয়েছিল।
সুইডেন, ডেনমার্ক ও জার্মানির তদন্তকারীরা ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করে ‘অ্যাংলো-স্যাক্সন’ শক্তিগুলোর দিকে অভিযোগের আঙুল তোলেন। দেশ দুটি অবশ্য তা অস্বীকার করে।
পরবর্তী সময়ে ডেনমার্ক ও সুইডেন তদন্ত বন্ধ করে দিলে জার্মান কৌঁসুলিরা উত্তর জার্মানির রস্টক বন্দরে ভাড়া নেওয়া ‘অ্যান্ড্রোমিডা’ নামের একটি প্রমোদতরিকে কেন্দ্র করে তদন্ত এগিয়ে নেন। তাদের সন্দেহ, গভীর সমুদ্রে ডুব দেওয়ার প্রশিক্ষণপ্রাপ্ত একদল ব্যক্তি ওই নৌযান ব্যবহার করে অন্তর্ঘাত চালিয়েছিলেন। কৌঁসুলিরা জানান, নৌযানটি থেকে সংগ্রহ করা নমুনায় পানির নিচে ব্যবহৃত বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে।
ইউক্রেনের সম্পৃক্ততা নিয়ে বিতর্ক
জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিবেচনায় থাকলেও কৌঁসুলিরা তদন্ত ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস রায় দেন, ঘটনাটি জার্মানির বিচারিক এখতিয়ারের আওতাভুক্ত। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি জড়িত থাকায় কৌঁসুলিদের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রয়েছে বলেও আদালত উল্লেখ করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই নর্ড স্ট্রিম বিস্ফোরণে ইউক্রেনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তবে জার্মান কৌঁসুলিদের অভিযোগপত্রে বলা হয়েছে, অন্তর্ঘাতকারীরা ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থাগুলোর নির্দেশে এই পরিকল্পনা করেছিলেন।
কৌঁসুলিদের মতে, বেসামরিক স্থাপনায় সামরিক উপায়ে হামলার অভিযোগ থাকায় ঘটনাটি আন্তর্জাতিক অপরাধবিষয়ক জার্মান আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ইউক্রেনের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ওলেক্সান্দর মেরেঝকো বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে বিস্ফোরণটি ঘটেছিল। তার মতে, নর্ড স্ট্রিম-২ ছিল যুদ্ধের প্রস্তুতি নিতে রাশিয়ার ব্যবহৃত একটি হাতিয়ার। তবে জার্মানির বর্ণিত ঘটনার বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই বলেও জানান তিনি। তার ভাষায়, এটি সম্ভাব্য কয়েকটি ব্যাখ্যার একটি।
অন্যদিকে, জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনসের স্টেফান মাইস্টার বলেন, বার্লিনের একের পর এক সরকার মামলাটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে বিচার বিভাগের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করেছে।
প্রত্যর্পণ নিয়ে আইনি লড়াই
২০২৫ সালের আগস্টে ইতালির রিমিনি শহরের কাছে একটি হোটেলে ওঠার পর ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সেরহিকে আটক করা হয়। কয়েক সপ্তাহের আইনি লড়াই শেষে গত বছরের শেষ দিকে তাকে জার্মানিতে পাঠানো হয়। আদালতের নথিতে তার নাম সেরহি কুজনেতসভ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জার্মান কৌঁসুলিদের দাবি, ২০২২ সালে তিনি ইউক্রেনের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং পেশাদার ডুবুরি, একজন নৌযানচালক ও বিস্ফোরক বিশেষজ্ঞকে নিয়ে গঠিত একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন।
এদিকে, একই ঘটনায় সন্দেহভাজন আরেক ইউক্রেনীয় নাগরিক ভলোদিমির ঝুরাভলভকে জার্মানির কাছে প্রত্যর্পণের আবেদন পোল্যান্ডের একটি আদালত খারিজ করে দেন। ২০২৫ সালের অক্টোবরে তাকে মুক্তি দেওয়ার সময় পোলিশ বিচারক মন্তব্য করেন, পাইপলাইনে হামলাটি বেআইনি ছিল না এবং ইউক্রেন এ ধরনের সশস্ত্র অভিযান পরিচালনা করে থাকলে তা ‘যৌক্তিক ও ন্যায়সংগত’ ছিল।
পরে গত আগস্টে ক্রোয়েশিয়ায় তাকে আটক করা হয়। গত মাসে দেশটি তার প্রত্যর্পণে সম্মতি দিয়েছে। তবে কবে তাকে জার্মানিতে পাঠানো হবে এবং হামবুর্গের চলমান বিচারের সঙ্গে তার মামলাটি যুক্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
মামলাটি বার্লিন ও কিয়েভের সম্পর্কে প্রভাব ফেলতে পারে- এমন আশঙ্কা থাকলেও ইউক্রেনের আইনপ্রণেতা মেরেঝকো মনে করেন, এতে দুই দেশের সম্পর্ক নষ্ট হবে না। তার ভাষায়, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা জার্মানির জাতীয় স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি