সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, ৪ দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আবাসিক ভবনে গ্যাসের কম্প্রেসার লাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, শরিফ হোসেন (৩৪) ও তার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরিফের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় রোজিনা আক্তার এবং কিছুক্ষণ পর তার স্বামী শরিফ হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দগ্ধ অন্য দুজন নিহতের শ্যালক রিয়াজ (৪০ শতাংশ) ও ভবনের তত্ত্বাবধায়ক রনি মিয়া (৭০ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এই চিকিৎসক।
প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ৬ তলা ভবন ইসলাম টাওয়ার-এর দ্বিতীয় তলার একটি কক্ষে কম্প্রেসার লাইনে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষটিতে থাকা শরিফ, রোজিনা, রিয়াজ ও রনি দগ্ধ হন। পরে উদ্ধার করে তাদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফ হোসেন (৩৪) ও তার স্ত্রী রোজিনা আক্তারের মৃত্যু হয়।