সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য হস্তান্তর ঢাবির

সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য হস্তান্তর ঢাবির

সংগৃহীত

সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত তুলে দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং রেজিস্ট্রার অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, “সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।”

তিনি আরো বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অন্যদিকে, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

তিনি বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।”