হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ২৩ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ২৪ অক্টোবর থেকে আগের নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।