ইসলামিক ডিফাই উদ্ভাবনে বৈশ্বিক পুরস্কার জিতলেন শেহজাদ

ইসলামিক ডিফাই উদ্ভাবনে বৈশ্বিক পুরস্কার জিতলেন শেহজাদ

শেহজাদ আহমেদ

ইসলামিক বিকেন্দ্রীভূত অর্থায়ন (ডিফাই) প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন বাংলাদেশি উদ্যোক্তা ও কোয়ান্টিটেটিভ বিশ্লেষক শেহজাদ আহমেদ।

নিজের গড়ে তোলা উদ্যোগ ‘বারাকাহ প্রোটোকল’ এর প্রতিষ্ঠাতা হিসেবে শেহজাদ এই পুরস্কার পেয়েছেন। ‘গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স ইনোভেশন অ্যাওয়ার্ডস (জিআইএফআইএ) ২০২৬ আসরে ‘বেস্ট ইমার্জিং ইনোভেশন—ইসলামিক প্রোডাক্ট লঞ্চ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে তার উদ্যোগ সেরা নির্বাচিত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ‘দ্য ডিজিটাল ব্যাংকার’ আয়োজিত এ পুরস্কারে নিজ বিভাগে একক বিজয়ী হওয়ার পাশাপাশি পুরো আয়োজনে পুরস্কার পাওয়া একমাত্র ইসলামিক ডিফাই প্রকল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে বারাকাহ প্রোটোকল।

শেহজাদ আহমেদ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) থেকে ফাইন্যান্সে স্নাতক সম্পন্ন করেছেন। কম্পিউটার বিজ্ঞান ছিল তার মাইনর বিষয়। অর্থায়ন ও প্রযুক্তির সমন্বয়ে কাজ করা এই উদ্যোক্তা ইসলামিক অর্থায়নের জন্য নতুন ধরনের ডিজিটাল অবকাঠামো তৈরিতে কাজ করছেন।

বারাকাহ প্রোটোকল মূলত সম্পূর্ণ অন-চেইন ও শরিয়াহসম্মত একটি বিকেন্দ্রীভূত ডেরিভেটিভস এক্সচেঞ্জ তৈরি করছে। প্রকল্পটির কারিগরি কাঠামো বিচারকদের বিশেষ প্রশংসা পেয়েছে। ডিজিটাল সম্পদের বাজারে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে এতে জিরো-রেট ফান্ডিং মডেল, বিকেন্দ্রীভূত এক্সচেঞ্জ অবকাঠামো এবং নিজস্ব শরিয়াহ গভর্ন্যান্স ব্যবস্থা সমন্বয় করা হয়েছে।