সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক
সংগৃহীত
আমানত সংগ্রহে সাফল্য, কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শ্রেণিতে কর্মকর্তা ও শাখাকে পুরস্কৃত করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ব্যাংকটির চলতি ও সঞ্চয়ী হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহের বিশেষ কর্মসূচিতে ব্যক্তিগত সাফল্য এবং শাখাভিত্তিক কর্মসম্পাদনের ভিত্তিতে সেরা কর্মদক্ষ কর্মকর্তা ও সেরা শাখাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, সময় সাশ্রয় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘অনলাইন ব্যাংক হিসাব খোলার সুবিধা’ এবং ‘সান্ত্রা পোর্টালের উন্নয়ন ও বাস্তবায়ন’—এই দুটি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।
এ স্বীকৃতি ব্যাংকের কর্মদক্ষতা, উদ্ভাবন ও দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের দিকনির্দেশনায় কর্মকর্তাদের ক্ষমতায়ন ও দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে কর্মকর্তারা নিজেদের সম্ভাবনা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যাংকের অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখতে অনুপ্রাণিত হচ্ছেন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও শাখাগুলোকে অভিনন্দন জানিয়ে কমিউনিটি ব্যাংক ভবিষ্যতেও মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন, উৎকর্ষের স্বীকৃতি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
এর মাধ্যমে ব্যাংকটি ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবার অভিজ্ঞতা সমৃদ্ধকরণ এবং টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।