রাবি শিক্ষার্থীর গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৩টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শাহজাহান (৫০)। তিনি গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামের মৃত সোহবুলের ছেলে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এসএম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, গুরুতর আহতাবস্থায় তিন জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে, শাহজাহান নামের একজন মারা গেছেন। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে; তাদের অবস্থাও গুরুতর।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজীউর রহমান বলেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি চালিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। একপর্যায়ে গাড়িটি এক নারীকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে আরো দুই রিকশাচালককে ধাক্কা দেয়। এতে এক রিকশাচালক মারা গেছেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্তকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।