সীতাকুণ্ডে গুলিতে যুবদল নেতা নিহত
ছবি সংগৃহীত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পী (২৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে যুবদলের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত তারেক হোসেন বাপ্পী সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
নিহতের ভাই রহিম খান বাবু জানান, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন বাপ্পী। পরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। এ সময় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একপর্যায়ে এক ব্যক্তি পিস্তল বের করে বাপ্পীর বুকে গুলি করেন। এতে বাপ্পীর সঙ্গে থাকা শাওনও গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের ২ নম্বর ওয়ার্ডে পাঠান।
সেখানে তারেক হোসেন বাপ্পীকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
রহিম খান বাবু জানান, রাত দেড়টা পর্যন্ত শাওনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তখন তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গুলিতে তারেক হোসেন বাপ্পী নিহত হয়েছেন। আহত শাওন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।