ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের হামলা
ছবি সংগৃহীত।
ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে এ হামলা চালানোর অভিযোগ করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। হামলার সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ক্ষেপণাস্ত্রটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে আঘাত হানে। এতে যাত্রী ও ক্রুদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ অক্টোবর) এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আল-এরিয়ানি বলেন, উড়োজাহাজের যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। সম্ভাব্য ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ এড়ানোয় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। বিমানবন্দরে এ হামলাকে তিনি আন্তর্জাতিক আইন আর রীতিনীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের একটি সামরিক সূত্রের বিবৃতিতে এডেন প্রদেশের বদর সামরিক শিবিরে হামলার কথা স্বীকার করা হয়েছে। বিবৃতি অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর কমান্ড সদর দপ্তর ও একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়।