মাগুরায় ৩ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

মাগুরায় ৩ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

 

মাগুরার মহম্মদপুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে শনিবার বিকেলে ভাটাগুলোকে এ জরিমানা করা হয়।

জরিমানা পাওয়া ইটভাটাগুলো হলো মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস। প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় ভাটাগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপন ও ইট উৎপাদনের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে। পরিবেশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।