অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

প্রতিকি ছবি

 

মেয়ের লাঠির আঘাত ও অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ্ব পিতা খোরশেদ আলম। এ ঘটনায় নিজের আপন বোনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন ভাই। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ অভিযুক্ত মেয়ে রাবেয়া বেগমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। এর আগে শুক্রবার রাতে নিহতের ছেলে রাকিব হোসেন বাদী হয়ে কসবা থানায় মামলাটি দায়ের করেন। 

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কায়েমপুর গ্রামের খোরশেদ আলম (৬০) উত্তেজিত হয়ে তার একমাত্র মেয়ে ও দুই সন্তানের জননী রাবেয়া বেগমকে মারধর করতে থাকেন। একপর্যায়ে মেয়ে রাবেয়াও উত্তেজিত হয়ে পাল্টা লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করেন। খোরশেদ আলম পুনরায় মেয়েকে মারার জন্য লাঠি আনতে গেলে ওই লাঠির আঘাতেই তার হাত কেটে যায়। পরে তিনি লাঠি ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্বজনরা রক্তাক্ত অবস্থায় খোরশেদ আলমকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর থেকেই চরম ক্ষোভ ও অপমানে কারও সাথে কোনো কথা না বলে চুপচাপ বসেছিলেন তিনি। দুপুরের দিকে তিনি স্বজনদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে এক নির্জন স্থানে গিয়ে অভিমানে কেরির বড়ি ট্যাবলেট খেয়ে ফেলেন। 
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করার পর অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু কুমিল্লা নেওয়ার পথে শশীদল নামক স্থানে পৌঁছালে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর শুক্রবার বিকেলেই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে রাবেয়া বেগম ও স্ত্রী নূরজাহান বেগমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে রাতে ছেলে রাকিব হোসেন বাদী হয়ে কেবল বোন রাবেয়াকে আসামি করে মামলা করায় মা নূরজাহান বেগমকে ছেড়ে দেওয়া হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, খোরশেদ আলমের মৃত্যুর ঘটনায় তার ছেলে রাকিব হোসেন বাদী হয়ে বোনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আসামি রাবেয়া আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে