ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাপে কি গতি হারাচ্ছেন পেসাররা?

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাপে কি গতি হারাচ্ছেন পেসাররা?

ছবি: সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের কারণে পেসাররে গতি কমিয়ে দিচ্ছেন বলে মনে করছেন সাবেক অজি পেসার ব্রেট লি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ও বিপুল অর্থ উপার্জনের হাতছানিতে পেসাররা শরীরের ওপর চাপ কমিয়ে দীর্ঘদিন খেলার দিকে বেশি মনোযোগী হচ্ছেন। এতে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করা বোলারের সংখ্যাও কমছে।

উইজডেনের ‘স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে লি বলেন, তরুণ পেসারদের ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির মাইলফলক ছোঁয়ার চ্যালেঞ্জ নিতে দেখতে চান তিনি। কিন্তু বর্তমান ক্রিকেটে তেমন আগ্রাসী গতির বোলার খুব একটা চোখে পড়ছে না তার।

লি বলেন, ‘আমি চাই, বোলাররা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির বাধা অতিক্রম করার চ্যালেঞ্জ নিক। কিন্তু এখন তেমনটা দেখছি না। তরুণ পেসারদের দৌড়ে এসে প্রচণ্ড গতিতে বল করতে দেখতে চাই।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর্থিক দিকটি পেসারদের মানসিকতায় প্রভাব ফেলছে কি না, সেই প্রশ্নও তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা। তার ধারণা, বিশ্বের সাত-আটটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘ ক্যারিয়ার গড়তে চান অনেকে। সে ক্ষেত্রে শরীরের ওপর চাপ কমাতে ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বল করাকেই নিরাপদ মনে করতে পারেন তারা।

লি বলেন, ‘দীর্ঘদিন খেলতে চাইলে মাঠে টিকে থাকতে হবে। আর মাঠে টিকে থাকতে গিয়ে হয়তো ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বাধা পেসারদের আর রোমাঞ্চিত করছে না। তারা হয়তো ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতির মধ্যে থাকছেন, যাতে শরীরের ওপর চাপ কম পড়ে। বিষয়টি আমাকে চিন্তায় ফেলে, কারণ আমি চাই বোলাররা দৌড়ে এসে দ্রুতগতিতে বল করুক।’

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বোলারদের একজন লি। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬০.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। তার চেয়ে বেশি গতির বলের রেকর্ড রয়েছে পাকিস্তানের শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন শোয়েব।