গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আরও ৪ আসামি গ্রেফতার

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আরও ৪ আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

রবিবার গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসআরবি-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আকাশ হোসেন (২৩), মো. রাজিব (২৩), মো. নাজমুল হোসেন নাদিম ও শিউলি আক্তার সুমি (৩৫)। 

এসআরবি-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ অক্টোবর সন্ধ্যার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্ত থেকে ইয়াবাসহ আনিছ (১৯) ও শিমলা আক্তার ওরফে বৃষ্টি (২২) নামের দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ। তাদের ছিনিয়ে নিতে এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাধা দিলে হামলাকারীদের মারধরে রেলওয়ে পুলিশের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। এ ঘটনায় গত ১৬ অক্টোবর এটিএসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-১। এসআরবির সদর দফতরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে আকাশ হোসেন ও মো. রাজিব মামলার এজাহারনামীয় আসামি। অন্য দুজন নাজমুল হোসেন নাদিম ও শিউলি আক্তার সুমিকে তদন্তে পাওয়া সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিএমপির সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ঘটনার রাতেই শুভ আহমেদ (২০), মো. ইয়াছিন (২৬) মো. ছানোয়ার হোসেন হৃদয় (২৩) নামে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ।