বগুড়ার সান্তাহার স্টেডিয়াম পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী
ছবি: সংগৃহীত
বগুড়ার আদমদীঘির সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় স্টেডিয়ামটি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান। পরিদর্শন শেষে তিনি স্টেডিয়ামটি আধুনিকায়নে কাজের প্রাক্কলন তৈরি করেন।
এ সময় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকনসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সহকারী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যের পত্রের প্রেক্ষিতে স্টেডিয়ামটি পরিদর্শন করা হয়েছে। এটি আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা একটি প্রাক্কলন তৈরি করেছি।
সাংসদ আব্দুল মহিত তালুকদার বলেন, এলাকাবাসীর প্রত্যাশা পূরণে গত ৫ সেপ্টেম্বর ডিও লেটার দিয়েছিলাম। স্টেডিয়ামটি আধুনিকায়ন হলে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং মাদক থেকে দূরে থাকবে।