হাসিনা সরকার বিদ্যুতের লাখ কোটি টাকা লুটপাট করেছে : চিপ হুইপ
সংগৃহীত ছবি
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম মনি। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পরে বরগুনার বেতাগী কেন্দ্রীয় সার্বজনীন কালীমন্দিরের পূজা মন্ডপে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুতের বিল প্রসঙ্গে চিফ হুইপ বলেন, হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে। কিন্তু ভেতরে মেশিন নেই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নেই।
তিনি আরো বলেন, হাসিনা সরকার বিদ্যুৎ খাত থেকে লাখ কোটি টাকা লুটপাট করেছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।
দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই এ দেশের নাগরিক। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। পরিচয় কিংবা ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। সবাই মিলেমিশে বসবাস করবেন এবং দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করবেন—এটাই হওয়া উচিত আমাদের প্রত্যাশা।