আইয়ুব বাচ্চু নেই আট বছর, অপূর্ণই রয়ে গেল স্বপ্নের কনসার্ট

আইয়ুব বাচ্চু নেই আট বছর, অপূর্ণই রয়ে গেল স্বপ্নের কনসার্ট

ছবি সংগৃহীত।

রূপালি গিটার হাতে আর মঞ্চ মাতাতে দেখা যাবে না আইয়ুব বাচ্চুকে। অথচ তাঁর স্বপ্ন ছিল, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রায় ১৫ লাখ দর্শকের সামনে বিশাল এক কনসার্ট করবেন। সেখানে দেশি-বিদেশি শিল্পীদের সঙ্গে তিন ঘণ্টার পরিবেশনায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চলে যান বাংলা ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্ম আইয়ুব বাচ্চুর। বাবা ইসহাক চৌধুরী ও মা নুরজাহান বেগমের তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ধর্মপ্রাণ পরিবারে বেড়ে ওঠা বাচ্চুর সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত শুরুতে পরিবারের অনেকেই মেনে নিতে পারেননি।

১৯৭৬ সালের দিকে বন্ধুর কাছ থেকে গিটার ধার নিয়ে বাজানো শেখেন তিনি। পরে ১৯৮৩ সালে মাত্র ৬০০ টাকা ও প্রিয় গিটার সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। অর্থকষ্ট ও কঠোর পরিশ্রমের পথ পেরিয়ে একসময় গিটারের সুরে মাতিয়ে তোলেন অসংখ্য শ্রোতা। জনপ্রিয় ব্যান্ড এলআরবির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেন।

আইয়ুব বাচ্চু ছিলেন স্বপ্নবাজ মানুষ। গিটারসহ বিভিন্ন বাদ্যযন্ত্র শেখানোর প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা ছিল তাঁর। চেয়েছিলেন, সেখান থেকে নতুন শিল্পীরা তৈরি হবেন, এককভাবে কিংবা ব্যান্ডের মাধ্যমে বাংলা গানে নিজেদের প্রতিভা তুলে ধরবেন। নিজের স্বপ্নের পাশাপাশি তরুণদেরও সংগীতের পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন তিনি।

২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। স্বপ্নের কনসার্ট কিংবা সংগীত শিক্ষার প্রতিষ্ঠান, কোনোটিই আর গড়ে তোলা হয়নি তাঁর। তবে তাঁর গিটার, গান ও সুর আজও শ্রোতাদের মনে বেঁচে আছে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে তাঁর সংগীতের উত্তরাধিকার।