প্রধানমন্ত্রীর মোংলা বন্দর উন্নয়ন সফর উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর উন্নয়ন সফর উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর উন্নয়ন সংক্রান্ত সফর উপলক্ষে সেখানে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মোংলায় আনন্দ মিছিল করেছে পৌর বিএনপি। 

মঙ্গলবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই মিছিলে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে বক্তারা মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এর ভূয়সী প্রশংসা ও স্বাগত জানান।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দরে আগমন কেবল দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, বরং সমগ্র মোংলা তথা উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। 

সমাবেশে পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী তার বক্তব্যে বলেন, দেশের দূরদর্শী রাজনীতির প্রতীক তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। মোংলা  বন্দর আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। প্রধানমন্ত্রী এই বন্দর পরিদর্শন করবেন এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক সফর মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

সমাবেশ থেকে জানানো হয়, আগামীকাল ২১ অক্টোবর আসরের নামাজের পর মোংলা পৌর চত্বর থেকে আবারও এক বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোংলা ও আশপাশের সকল স্তরের নেতাকর্মী ও জনগণকে যথাসময়ে পৌর চত্বরে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে আহ্বান ও অনুরোধ জানিয়েছেন।

এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরদেশ আলম, বাবলু ভুইয়া, বোরহান উদ্দিন দিদার, শাহজাহান ফকির, সালাম ব্যাপারি, মো. শহিদুল, সাবেক জেলা যুবদলের সদস্য মো. আলাউদ্দিন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমান হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা জিয়াউর রহমান হিরণ, বাপ্পা রাজ, মহসিন পাটায়ারি, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানিক, পৌর মহিলা দল নেত্রী বেবী রহমান, দুলালী সরদার, আয়শা বেগম, ছাত্রদল নেতা মো. মহসীন ভূইয়া, সাহেদ মাহামুদ সাকিব ও মো. ডলার মোল্লা উপস্থিত ছিলেন।