কক্সবাজারে ঈদগাঁও–ঈদগড় সড়কে গণডাকাতি, লুণ্ঠিত মালামাল উদ্ধার

কক্সবাজারে ঈদগাঁও–ঈদগড় সড়কে গণডাকাতি, লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রতিকি ছবি

 

 

কক্সবাজারের রামু ও ঈদগাঁও উপজেলার সংযোগ সড়কে দিনদুপুরে দুই দফা গণডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) হিমছড়ি ঢালায় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রী ডাকাতির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লুণ্ঠিত মালামালসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাহাড়ি এই সড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

ভুক্তভোগীদের অভিযোগ, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। পরে কয়েকজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করে তাঁদের কাছে থাকা নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা এ ঘটনার শিকার হন।

ডাকাতির শিকার ব্র্যাকের ঈদগড় শাখার হিসাব কর্মকর্তা প্রমেন বড়ুয়া মঙ্গলবার ঈদগাঁও থানায় অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, মোটরসাইকেলে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে হিমছড়ি ঢালায় ডাকাত দলের কবলে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রায় দুই লাখ ৪৭ হাজার টাকা, চেকবই, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।

রামু উপজেলার ঈদগড়ের চরপাড়ার ৭০ বছর বয়সী ছমি উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদগাঁও ও ঈদগড়বাসীর দুঃখ যেন কোনো দিন শেষ হওয়ার নয়। নির্বাচন এলে সবাই ডাকাতি বন্ধের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর তা ভুলে যান। এতে মানুষের জানমালের ক্ষতি হয়।’

স্থানীয় বাসিন্দারা জানান, রামু ও ঈদগাঁও উপজেলার পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কে প্রায়ই ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে সন্ধ্যার পর সড়কটিতে যান চলাচল বন্ধ রাখতে হয়। ঈদগাঁও ও ঈদগড়ের বাসিন্দাদের পাশাপাশি বান্দরবানের বাইশারী এলাকার প্রায় ৪০ হাজার মানুষও এই সড়কের ওপর নির্ভরশীল।

স্থানীয় সূত্রের অভিযোগ, সড়কটি দুই থানার আওতাধীন হওয়ায় ডাকাতির ঘটনা ঘটলে কখনো কখনো পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় না। এক থানার পুলিশ ঘটনাস্থল নিজেদের এলাকার বাইরে বলে দাবি করে—এমন অভিযোগও রয়েছে।

ঈদগড় ইউনিয়নের সমাজসেবক বনি আমিন বলেন, এ সড়কে ডাকাতি বন্ধে প্রশাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আগে সন্ধ্যায় বা ভোরে ডাকাতির ঘটনা ঘটত। এবার দিনদুপুরে ডাকাতি হয়েছে। ঈদগড় ইউনিয়নের আনসার কমান্ডার জাফর ইকবালও বলেন, এ এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম সিফাতুল মাজদার বলেন, মালামাল লুণ্ঠনের ঘটনায় পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। সড়কে টহল জোরদার করা হয়েছে। লুণ্ঠিত মালামালসহ এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

দিনের আলোয় গুরুত্বপূর্ণ এই পাহাড়ি সড়কে পরপর দুই দফা ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কে নিয়মিত পুলিশি টহল জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা