সৌদি থেকে আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা

সৌদি থেকে আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে জ্বালানিবাহী জাহাজে একের পর এক হামলা এবং সৌদি আরবের তেল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে।

ইয়েমেনের হুতিদের হামলার পরিধি সৌদির শায়বাহ তেলক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হওয়ায় দেশটির কয়েকটি এলাকায় তেল উৎপাদন বন্ধ রাখতে হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এর প্রভাব বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের ওপর পড়তে পারে।

একই সময়ে ইউরোপে শীতকালীন জ্বালানির চাহিদা বাড়ার সম্ভাবনা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক জ্বালানিবিষয়ক পোর্টাল ‘অয়েলপ্রাইস ডটকমের’ এক প্রতিবেদনে এ পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার এলএনজির বেঞ্চমার্ক জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের ওপরে উঠেছে।

 

মধ্যপ্রাচ্য ও ইউরোপে জ্বালানিবাহী জাহাজে হামলা এবং ইউরোপে শীতকালীন জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

এশিয়ার বড় জ্বালানি আমদানিকারক দেশ চীন ও জাপান গত বছরের একই সময়ের তুলনায় এলএনজি আমদানি ৮ থেকে ১০ শতাংশ কমিয়েছে।

জ্বালানির চাহিদা সামাল দিতে দেশ দুটি পারমাণবিক ও নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।

অন্যদিকে ইউরোপে এলএনজি আমদানির পরিমাণ বেড়েছে। গত ৩০ দিনে ইউরোপের দেশগুলোতে দৈনিক গড় এলএনজি আমদানি এক লাখ ৭৫ হাজার টনে পৌঁছেছে। গত পাঁচ বছরের একই সময়ের মৌসুমি গড়ের তুলনায় এ পরিমাণ ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে এলএনজিবাহী জাহাজে প্রথম হামলার খবর জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বাব আল-মান্দেব প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি পণ্যবাহী জাহাজে হামলার খবর জানিয়েছে।

এদিকে সপ্তাহান্তে ইয়েমেনের উপকূলের কাছে থাকা কাতারের মালিকানাধীন ‘আল খারসাহ’ নামের এলএনজিবাহী জাহাজটিকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জাহাজটি বিরল এক যাত্রায় লোহিত সাগর পেরিয়ে পোল্যান্ডে কাতারের এলএনজি সরবরাহ করতে যাচ্ছিল। জ্বালানিবাহী জাহাজ চলাচলের পথে নিরাপত্তাঝুঁকি বাড়লে আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। ইউরোপের গ্যাস বাজারের বেঞ্চমার্ক টিটিএফের দাম বৃদ্ধি বিশ্ববাজারে এলএনজির মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়াচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস মজুত সক্ষমতার ৭৫ শতাংশের নিচে রয়েছে। একইসঙ্গে মজুত বাড়ানোর গতিও কার্যত থেমে গেছে।