থানায় ঢুকে ৩ পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ, যুবক গ্রেপ্তার

থানায় ঢুকে ৩ পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের কালাই থানায় কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চারটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেফতার পর আসলাম হোসেনকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আসলাম উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ার চেষ্টা করলে আঘাতটি তাঁর বাম চোয়ালে লাগে। এতে তিনি আহত হন।

পরে তাঁকে আটকানোর চেষ্টা করলে আসলাম কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাঁকে আটকাতে গেলে ওই সদস্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসলাম।

পরে আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। ঘটনার সময় তিনি মন্ত্রীর সঙ্গে দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসলাম হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।