বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
প্রতিকি ছবি
বাগেরহাটের শরণখোলায় ধানের খেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, উপজেলার উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর নিধনের জন্য লোহার তারে বিদ্যুতের সংযোগ দিয়ে জমির আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। বুধবার দুপুরে এই জমির ওপর দিয়ে মিজান হাওলাদার নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যাচ্ছিলেন। নিজের জমিতে প্রবেশের সময় পাশের জমির আইলে পেতে রাখা ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জমির মাঝখানে মিজান হাওলাদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।