প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে অঙ্গীকার করলেন পাকিস্তান-মালদ্বীপ
সংগৃহীত ছবি
দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানের লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দিয়েছেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তিন দিনের সফরে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান প্রেসিডেন্ট মুইজ্জু। ১১ বছরের মধ্যে মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম পাকিস্তান সফর। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদযাপনের প্রেক্ষাপটেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান আসিম মুনির বৈঠকে মালদ্বীপের সঙ্গে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে এবং অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে প্রেসিডেন্ট মুইজ্জু পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন।
এর আগে মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় দুই দেশের মধ্যে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, এতে কোনো সন্দেহ নেই দুই দেশ ভবিষ্যতেও এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শাহবাজ মালদ্বীপের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানান। তিনি মালদ্বীপকে ‘দ্বীপের দেশ’ হিসেবে অভিহিত করে বলেন, এই জাতির চেতনা ঠিক তাদের চারপাশ ঘিরে থাকা মহাসাগরের মতোই বিশাল।
সূত্র: ডন,রেডিও পাকিস্তান।