হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের শব্দ
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালির কাছে অবস্থিত দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের কারপান অঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
তবে ওই এলাকাটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল, সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কিনা সে বিষয়ে তারা কিছু উল্লেখ করেনি। ইরনা জানিয়েছে, স্থানীয় সূত্রগুলো এখনো এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে কিছু জানায়নি। চলতি মাসে এই অঞ্চলে এটিই প্রথম বিস্ফোরণের ঘটনা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত কিছুটা স্তিমিত ছিল। ইরান কৌশলগত এই জলপথটি অবরুদ্ধ করার চেষ্টা করছে এবং দাবি জানিয়েছে, কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তেহরানের বন্দর ও জাহাজগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, ইরানা নিউজ।