গাইবান্ধায় দুর্গোৎসবের দায়িত্ব পালনকালে আরো এক আনসার সদস্যের মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আরো এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম তারা মিয়া (৫০)।
তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং নছিম উদ্দিনের ছেলে। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার আগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। দুপুরে উপজেলার পূর্ব কিশামত হামিদ সর্বজনীন দুর্গামন্দিরে ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মন্দির কমিটি সূত্র জানায়, দুর্গাপূজার প্রথম দিন থেকেই তারা মিয়া উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব কিশামত হামিদ সর্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। তার সহকর্মী গ্রাম পুলিশ সদস্য চিত্ত রঞ্জন জানান, ‘তারা মিয়া কয়েক দিন ধরে জ্বরাক্রান্ত ছিলেন।
বুধবার দুপুরে মন্দির প্রাঙ্গণে অসুস্থ হন। খবর পেয়ে তার স্বজনরা এসে তারা মিয়াকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুরে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান।
সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হচ্ছিল।
পথে শারীরিক অবস্থার অবনতি হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
উল্লেখ্য, গত রবিবার (১৮ অক্টোবর) একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৬) নামে এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়। তিনি কিশামত বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে পাতলা পায়খানা ও বমি শুরু হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।