কক্সবাজারে গণ ডাকাতি লুণ্ঠিত মালামালসহ নগদ টাকা উদ্ধার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের ঈদগাঁওয়ে হিমছড়ি ঢালারমুখ সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের যাত্রীদের কাছ থেকে গণডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৭ হাজার ২৩০ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ১৯ অক্টোবর দুপুরে ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালারমুখ সড়কের মাথায় ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল থামায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পাশের পাহাড়ের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর আটজন ভুক্তভোগী থানায় এসে লুটপাটের বিষয়ে তথ্য দেন। ডাকাতেরা তিনটি মোটরসাইকেল ও কয়েকটি সিএনজির যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে বলে উল্লেখ করেন।
পুলিশ আরও জানায়, ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তে অভিযান চালানো হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রায়হান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব বোয়ালখালী এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর হেফাজত থেকে লুট হওয়া ৭ হাজার ২৩০ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ঈদগাঁও থানায় ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।