বরিশালে দুই অটোরিকশার চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি
বরিশালের বাকেরগঞ্জে দুই অটোরিকশার (ইজিবাইক) চাপায় আব্দুল মান্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান মল্লিক উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া এলাকার মৃত শামসুল হক মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, বরিশাল-বরগুনা সড়কের রুনসী এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন আব্দুল মান্নান মল্লিক। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা দুটি আটক করে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।