ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন, আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন, আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত হচ্ছে আধুনিক এই ক্রীড়াপল্লি।

আজ এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ আয়োজন সেই সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। তবে এখানেই থেমে নেই আয়োজকদের পরিকল্পনা।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে চলছে। স্টেডিয়ামটির প্রায় ৭০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে মাঠটির কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের।

ইমরুল হাসান বলেন, ‘ইতিমধ্যে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইট বসেছে, গ্যালারি তৈরি হয়ে গেছে, এখন পিচের কাজ চলছে।

আমরা আশা করছি ২০২৭ সালের মধ্যেই মাঠটার কাজ শেষ করতে পারব। কাজ শেষ হলে আমরা আরও বড় পরিসরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য বিসিবির সঙ্গে কথা বলবো।’

ফুটবলের জন্য নির্মিত বসুন্ধরা কিংস অ্যারেনা ইতিমধ্যে এএফসি ও ফিফার স্বীকৃতি পেয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলও খেলেছে। অন্যদিকে, এবিজি স্পোর্টস সিটির দুটি ক্রিকেট মাঠে মালদ্বীপ ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

তবে ফুটবল ও ক্রিকেটের বাইরেও বিস্তৃত হচ্ছে এই ক্রীড়াপল্লির পরিসর। বাস্কেটবল, স্কোয়াশ, প্যাডেল টেনিস, ফুটসাল ও সাঁতারের মতো বিভিন্ন খেলার সুযোগ-সুবিধা রয়েছে এখানে। জুলকারনাইন বক্সিং ও স্কোয়াশে ইতিমধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছে।

এবিজি স্পোর্টস সিটিকে পূর্ণাঙ্গ ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে ইমরুল হাসান বলেন, ‘আমাদের চিন্তাভাবনা হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজকে স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখা এবং এটাকে একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করা। যাতে এই মঞ্চ থেকে উঠে আসা ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।’

ভবিষ্যতে এখানে শুটিংয়ের মতো খেলাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন ক্রীড়া ফেডারেশন নিয়মিত তাদের প্রতিযোগিতা আয়োজনের জন্য এবিজি স্পোর্টস সিটিকে বেছে নিচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাস্কেটবল ও স্কোয়াশ লিগের মতো আসরও এখানে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি জাতীয় ফুটবল দল নিয়েও কথা বলেছেন ইমরুল হাসান। আসিয়ান কাপে ব্যর্থতা পেছনে ফেলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। তার ভাষ্য, লিগ শেষ হলেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। পাশাপাশি দেশি কিংবা বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যবস্থাও করা হবে।

জাতীয় দলের ক্যাম্পে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল আয়োজনের ক্ষেত্রে কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি ছিল বলেও স্বীকার করেন ইমরুল হাসান। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে দলাদলি কিংবা ডাইনিংয়ে আলাদা বসার গুঞ্জন নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এরকম একটা রিপোর্ট আমাদের নজরে এসেছে। টিমের স্বার্থে যেকোনো ধরনের ব্যবস্থাই খুব শিগগিরই নেব, সেটা যত কঠোরই হোক না কেন। টিমের শৃঙ্খলা সবার আগে।’

ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা বৃদ্ধি, বহুমুখী ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং জাতীয় ফুটবল দলের প্রস্তুতি, সব মিলিয়ে এবিজি স্পোর্টস সিটিকে দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সংশ্লিষ্টরা।