সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডা

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডা

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে।

রুমিন ফারহানা থানায় অবস্থানকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এসময় ওসির বিরুদ্ধে দুর্নীতি, মানুষের কাছ থেকে টাকা আদায়, ফোন না ধরার বিষয়ে অভিযোগ তোলেন রুমিন। পাশাপাশি ‘ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে’ কথা বলার বিষয়ে ওসিকে সতর্ক করেন তিনি।

এসময় রুমিন ফারহানার সঙ্গে অনেক কর্মী-সমর্থক ছিল।

রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ তৈরির অভিযোগ তোলেন ওসি। পাশাপাশি ঘটনার ভিডিও করে রাখতে নির্দেশ দেন তিনি। এমপির সঙ্গে মামলার কোনো আসামি এসেছেন কিনা জানতে চান ওসি।

রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘আমি মামলার আসামি। আমার বিরুদ্ধে ৮-১০টা মামলা আছে।’ এসময় ওসিকে ‘আওয়ামী চোর’ বলে বলতে শোনা যায়।

রুমিন ফারহানার অভিযোগ, ওসি তার ফোন ধরেন না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি ওসিকে সতর্ক করেন।

কথোপকথনের সময় ওসির কথা বলার ধরন নিয়েও আপত্তি জানান তিনি।

অন্যদিকে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ তৈরির অভিযোগের প্রসঙ্গ আনেন ওসি। তর্কাতর্কির সময় বলতে শোনা যায়, ভিডিও করে রাখেন। মামলার আসামি আছে কিনা দেখেন।
 
এ বিষয়ে ওসি বলেন, ‘দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা দিয়েছে। উনার নিরাপত্তার বিষয় নিয়ে লোকজনসহ এসে উনি (এমপি) মব সৃষ্টির চেষ্টা করেছেন। কিছু লোকজনকে দিয়ে সাজানো কথা বলিয়েছেন।’

রুমিন ফারহানা বলেন, ‘উনাকে (ওসি) ৮-১০ বার ফোন দিলেও ধরেন না। উনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এসব বিষয় জানতেই থানায় যাই।’