ধ্বংসস্তূপে ছিলেন আট মাস, নিজেই কাটলেন পা- বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প ইউক্রেনীয় সেনার
ছবিঃ সংগৃহীত।
যুদ্ধের ময়দানে বেঁচে থাকার লড়াই কতটা ভয়াবহ হতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ ইউক্রেনীয় সেনা কস্তিয়ান্তিন ভ্লাসেঙ্কো।রুশ ড্রোন হামলায় এক পা হারানোর পর গুরুতর আহত হয়েছিল তার অন্য পা-ও। চারদিকে শত্রুপক্ষের নজরদারি, মাথার ওপর ড্রোন হামলার আতঙ্ক আর চিকিৎসার কোনো সুযোগ না থাকায় শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য নিজের অবশিষ্ট পা নিজেই কেটে ফেলেন তিনি। এরপর ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের নিচে প্রায় আট মাস আটকে থাকার পর বিশাল আকৃতির একটি চালকবিহীন ড্রোনের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৪৯ বছর বয়সী ভ্লাসেঙ্কো ইউক্রেনের ৩০তম মেকানাইজড ব্রিগেডের সদস্য। খারকিভ অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে সম্মুখযুদ্ধে দায়িত্ব পালন করছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে যুদ্ধক্ষেত্রে আটকে থাকার পর গত ৪ অক্টোবর তাকে উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়। ছয়টি পাখাযুক্ত ভারী ড্রোন তাকে প্রায় ৭০ মিটার উঁচুতে তুলে ১৫ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে নিয়ে যায়।
ভ্লাসেঙ্কোর দুর্দশার শুরু গত ফেব্রুয়ারিতে। রুশ ড্রোনের বোমা হামলায় তাঁর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই বিস্ফোরণে ডান পা-ও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তার এক সহযোদ্ধা নিহত হন।
আহত অবস্থায় চলাফেরার ক্ষমতা হারিয়ে তিনি আশ্রয় নেন একটি ধ্বংসপ্রাপ্ত স্কুল ভবনের বয়লারের নিচের ছোট্ট গর্তে।
সেখানে আশ্রয় নেওয়ার আগে ভ্লাসেঙ্কো ও তাঁর সহযোদ্ধা প্রায় ১০ মাস সম্মুখযুদ্ধে দায়িত্ব পালন করেছিলেন। তাঁদের অবস্থানে নিয়মিত ড্রোনের মাধ্যমে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হতো। কিন্তু যুদ্ধক্ষেত্রে সেনা বদল করতে গিয়ে একের পর এক সদস্য নিহত হওয়ায় সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
পরে তাদের আশ্রয়স্থল পানিতে ভরে গেলে দুজনকে ধ্বংসপ্রাপ্ত স্কুল ভবনে যেতে হয়।
সেখানেই রুশ ড্রোনের হামলায় তাঁর সহযোদ্ধা নিহত হন। বিস্ফোরণে ভ্লাসেঙ্কোর বাম পা ছিন্নভিন্ন হয়ে যায় এবং অন্য পায়ের হাড়ও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বাঁচতে নিজেই কাটলেন অবশিষ্ট পা
আহত অবস্থায় স্কুলের বয়লারের নিচে আটকে থেকে ভ্লাসেঙ্কোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর বাম পায়ে পচন ধরতে শুরু করে। ডান পায়ের হাড় বেরিয়ে আসায় যন্ত্রণা আরও বাড়ে। হামাগুড়ি দিয়ে চলারও সামর্থ্য ছিল না তাঁর।
এমন পরিস্থিতিতে প্রায় তিন মাস পর তিনি কঠিন সিদ্ধান্ত নেন।
নিজের ছুরি দিয়ে ডান পায়ের অবশিষ্ট অংশ কেটে ফেলেন এবং রক্তপাত বন্ধ করতে পায়ে টর্নিকেট বাঁধেন। এভাবেই মৃত্যুর সঙ্গে লড়াই করে টিকে থাকেন তিনি।
খারকিভের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়টার্সকে ভ্লাসেঙ্কো বলেন, তিনি একসময় নিজের বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তাঁর ভাষায়, তিনি নিজেকেই যেন আগেভাগে মৃত ভেবে নিয়েছিলেন, কারণ তাঁর মনে হয়েছিল আর কোনো আশা অবশিষ্ট নেই।
স্থলপথে ব্যর্থ, শেষ ভরসা আকাশপথের ড্রোন
ভ্লাসেঙ্কোকে উদ্ধারের জন্য তার কমান্ডাররা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু রাশিয়ার ড্রোনের অব্যাহত নজরদারির কারণে ওই অঞ্চলটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল। ইউক্রেনীয় সেনাদের কাছে এলাকাটি পরিচিত ‘হত্যা অঞ্চল’ হিসেবে। সেখানে সামান্য নড়াচড়াও শত্রুপক্ষের নজরে পড়ে প্রাণঘাতী হামলার কারণ হতে পারে।
উদ্ধারকারী দলের পরিকল্পনাকারী এক কর্মকর্তা জানান, আহত সেনাকে পিকআপ ট্রাক কিংবা সাঁজোয়া যান দিয়ে সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বিকল্প হিসেবে চালকবিহীন স্থলযান পাঠানো হলেও সেগুলো রুশ ড্রোনের হামলায় ধ্বংস হয়ে যায়।
শেষ পর্যন্ত ইউক্রেনীয় কর্মকর্তারা গুরজুফ ডিফেন্স নামের একটি প্রতিষ্ঠানের তৈরি ভারী মালবাহী ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেন। ছয়টি পাখাযুক্ত এই ড্রোন প্রায় ৯০ কেজি ওজন বহন করে সর্বোচ্চ ২৫ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। দীর্ঘদিন সম্মুখযুদ্ধে আটকে থাকার পর ভ্লাসেঙ্কোর ওজন তখন আনুমানিক ৭০ কেজি ছিল।
১৫ কিলোমিটার উড়ে নিরাপদ আশ্রয়ে
উদ্ধার অভিযানের আগে ভ্লাসেঙ্কোর কাছে পাঠানো সরবরাহের একটি প্যাকেটে বিশেষ নিরাপত্তাবেষ্টনী ও নির্দেশনামূলক ভিডিওসহ একটি মুঠোফোন দেওয়া হয়। এর মাধ্যমে তাঁকে ড্রোনে ওঠার প্রস্তুতি নিতে বলা হয়।
৪ অক্টোবর ভারী ড্রোনটি তার কাছে পৌঁছালে তিনি বিশেষ বেষ্টনীতে নিজেকে আটকে নেন। এরপর ড্রোনটি তাঁকে প্রায় ৭০ মিটার উচ্চতায় তুলে নিয়ে যায়। অভিযানের সময় রুশ ড্রোনের সম্ভাব্য হামলা ঠেকাতে ছোট আকারের কয়েকটি ইউক্রেনীয় ড্রোনও সঙ্গে ছিল। পাশাপাশি অন্য ড্রোন ও গোলন্দাজ ইউনিটগুলো শত্রুপক্ষের চিহ্নিত অবস্থানে হামলা চালিয়ে উদ্ধার অভিযানের পথ নিরাপদ রাখার চেষ্টা করে।
প্রায় ১৫ মিনিটের টানটান উত্তেজনার পর ড্রোনটি তাঁকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। পুরো অভিযানেই ছিল বড় ধরনের ঝুঁকি। তবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান ভ্লাসেঙ্কো।
ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের দাবি, আকাশপথে ড্রোন ব্যবহার করে কোনো সেনাকে উদ্ধারের এমন ঘটনা চলমান যুদ্ধে প্রথম বলে জানা গেছে। আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার কীভাবে যুদ্ধের ধরন বদলে দিচ্ছে, ভ্লাসেঙ্কোর উদ্ধার অভিযান তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।
দীর্ঘ আট মাসের দুর্বিষহ অপেক্ষা, শারীরিক যন্ত্রণা ও মৃত্যুভয় পেরিয়ে অবশেষে চিকিৎসার সুযোগ পেয়েছেন এই সেনা। তবে তাঁর এই বেঁচে ফেরার কাহিনি একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে আটকে পড়া সেনাদের অসহায়তা এবং নতুন প্রযুক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করার এক মর্মান্তিক বাস্তবতা তুলে ধরেছে।