রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে
প্রতিকি ছবি
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাত কাটাতে আসা দুই যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহি ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে আরএনবি কর্তৃপক্ষ। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত সিপাহি আমিনুল ইসলাম পলাশ পলাতক রয়েছেন।
ভুক্তভোগী দুই যাত্রী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামের রুবেল (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের মো. অলিউল্লাহ।
তাঁদের অভিযোগ, গত বুধবার রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহীতে পৌঁছান তাঁরা। রাত বেশি হওয়ায় অন্য কোথাও না গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানে বসে খাবার খাওয়ার সময় আরএনবির সিপাহি আমিনুল ইসলাম পলাশ ও তাঁর দুই সহযোগী তাঁদের কাছে যান।
একপর্যায়ে ওই তিনজন দুই যাত্রীকে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখান। পরে তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় বুধবার রাতেই আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন দুই যাত্রী। অভিযোগের পর বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহি তাঁদের সঙ্গে আপসরফার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় তিনি স্টেশন ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁকে আর কর্মস্থলে দেখা যায়নি।
অভিযুক্ত সিপাহি আমিনুল ইসলাম পলাশের মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ শিহাবুল হাসান জানান, প্রাথমিক তদন্তে সিপাহি আমিনুল ইসলাম ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে দুই যাত্রীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
তিনি আরও জানান, আগামী রবিবার অফিস খোলার পর রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় কমান্ড্যান্টের অনুমতি নিয়ে অভিযুক্ত সিপাহির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।