বীরগঞ্জে দুই শত বছরের ঐতিহ্যের আদিবাসী মিলনমেলা
ছবি: সংগৃহীত
প্রায় দুই শত বছরের ঐতিহ্য ধরে রেখে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী মিলনমেলা। অনেকে মেলাটিকে জীবনসঙ্গী খোঁজার আয়োজন মনে করলেও আয়োজকদের মতে, এটি মূলত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সামাজিক বন্ধন, সৌহার্দ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন।
সাঁওতাল, ওরাঁও, মুন্ডা, মালো, মাহাতো ও পাহানসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আসেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নানা বয়সী মানুষের উপস্থিতিতে মেলাটি পরিণত হয় এক মিলনমেলায়। স্থানীয়ভাবে এটি ‘বাসিয়া হাটি’ নামেও পরিচিত।
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন শুক্রবার দিনব্যাপী বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন।
শুক্রবার মেলার উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জোসেফ হেমব্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারসহ অন্যরা।
সরেজমিনে দেখা যায়, মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন দোকানে সাজানো ছিল রঙিন কাচের চুড়ি, ফিতা, লিপস্টিক, কানের দুল, ঝিনুক ও মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, গৃহস্থালির কাজে ব্যবহৃত দা-কুড়াল, হাঁড়ি-পাতিলসহ নানা সামগ্রী। পাশাপাশি ছিল জিলাপিসহ বিভিন্ন খাবারের দোকান। শিশুদের বিনোদনের জন্য বসেছিল নাগরদোলাও।
মেলায় আসা বলাই রানী হাসদা ও লিটন মার্ডি বলেন, প্রযুক্তির যুগে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বেড়েছে। ফলে মেলায় এসে জীবনসঙ্গী খোঁজার পুরোনো রীতিতে কিছুটা ভাটা পড়েছে। তবে বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক ধরে রাখতে মেলাটির গুরুত্ব এখনো রয়েছে।
তরুণ সরু মার্ডি বলেন, একসময় এ মেলায় জীবনসঙ্গী খোঁজার প্রচলন ছিল। তবে আধুনিকতার প্রভাবে সেই রীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। একই প্রসঙ্গে রাণী রাসদা বলেন, সময়ের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। তাঁদের ছেলে-মেয়েদের বড় একটি অংশ এখন বিদ্যালয়ে পড়াশোনা করছে। ফলে পুরোনো কিছু ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জোসেফ হেমব্রম ও সাধারণ সম্পাদক পাথরাজ কিস্কু বলেন, তাদের পূর্বপুরুষেরা এ মেলার প্রচলন করেছিলেন। মেলার মূল উদ্দেশ্য সাঁওতালসহ আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। এ আয়োজনের মাধ্যমে দূরদূরান্তে থাকা আত্মীয়স্বজনের সঙ্গেও দেখা-সাক্ষাৎ হয়।
তারা জানান, ঠিক কবে থেকে মেলার প্রচলন শুরু হয়েছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে বাপ-দাদাদের কাছ থেকে তাঁরা শুনে আসছেন, প্রায় দুই শত বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।