পিএইচপির মারাত্মক ত্রুটি; দেশে সাইবার হামলার সতর্কতা

পিএইচপির মারাত্মক ত্রুটি; দেশে সাইবার হামলার সতর্কতা

ফাইল ছবি

ইন্টারনেট ও ওয়েবসাইট পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার খবর ঘিরে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড বা আগাম অনুমতি ছাড়াই দূর থেকে সার্ভারে প্রবেশ করে ক্ষতিকর নির্দেশনা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশে উচ্চ সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট। নিরাপত্তা জোরদার ও পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন পদ্ধতি সিভিএসএস ৪.০ অনুযায়ী, ত্রুটি দুটির ঝুঁকির মাত্রা ১০-এর মধ্যে ৯ দশমিক ২ বলে জানানো হয়েছে। ত্রুটি দুটির শনাক্তকরণ নম্বর হলো সিভিই-২০২৬-১০৯৬১৮ এবং সিভিই-২০২৬-১০৯৬১৯।

ক্যালিফের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা থাই জুওংয়ের মতে, পিএইচপির মেমোরি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণের ত্রুটি থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। কম্পিউটারে কোনো কাজের সময় সাময়িকভাবে সংরক্ষিত তথ্য যথাযথভাবে মুছে না যাওয়ার সুযোগ নিতে পারে হ্যাকাররা। এ জন্য তারা বিশেষভাবে তৈরি ক্ষতিকর অনুরোধ সার্ভারে পাঠিয়ে নিজেদের ইচ্ছামতো কোড বা নির্দেশনা চালাতে পারে। এর ফলে সার্ভারের নিয়ন্ত্রণ দখল, গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং পাসওয়ার্ড ফাঁসের ঝুঁকি তৈরি হতে পারে।

পিএইচপিভিত্তিক ওয়েবসাইটের পাশাপাশি ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ও ম্যাজেন্টোর মতো জনপ্রিয় ওয়েবসাইট পরিচালনা ও কনটেন্ট ব্যবস্থাপনা প্ল্যাটফর্মও এ ঝুঁকির মুখে পড়তে পারে। পিএইচপি-এফপিএম, অ্যাপাচির মড-পিএইচপি, পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিডের মতো সার্ভার পরিবেশেও ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি পোর্টাল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স সাইট এবং বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন এ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে সাইবার হামলার ঘটনা ঘটছে। সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষা এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার ও পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ওয়েবসাইটটি আবার সচল করা হবে বলে জানান তিনি।