কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

সংগৃহীত ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামে আরও এক পথচারী আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। 

তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ লিজন জানিয়েছেন, সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন। আহত হওয়ার পর একজন তার নাম কেবল ইয়াসিন বলেছিলেন। 

তবে তিনি কোথায় থাকেন, কী করেন সেই বিষয়ে বলতে পারেননি। 

আহত ইমরান জানান, সন্ধ্যায় ৩০০ ফিট এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি আহত হন। আহত ইমরানের বাসা মগবাজার এলাকায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত ইমরান জরুরি বিভাগ চিকিৎসাধীন রয়েছে।