ভাটারায় নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার
প্রতীকী ছবি
রাজধানীর ভাটারা থানা এলাকায় এক নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল শুক্রবার একটি নির্মাণাধীন ভবনের ছাপড়া ঘরের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৫২)। নিহতের স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত বলেন, আলমগীর হোসেন নামে ওই ব্যক্তিকে নির্যাতন করে হত্যা করা হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গলায় টিপ দেওয়া আঙুলের দাগ পাওয়া গেছে। এ ছাড়া শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, আশপাশের লোকজন ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। তাকে মারধর করার পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
নিহতের ভাতিজা আরাফাত ইসলাম বলেন, তার চাচা ভাটারা থানা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মী হিসাবে ৪/৫ মাস যাবৎ কাজ করতেন। ওই ভবনে টিনসেট ছাপড়া ঘরে থাকতেন। ভবনের একজনের সঙ্গে চাচার দ্বন্দ্ব হয়। এর জের ধরে চাচাকে ভবনের কিছু লোক শ্বাসরোধ করে হত্যা করে।
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।