হামলার পর যা জানালেন আসিফ আকবরের বড় ভাই
ছবি সংগৃহীত।
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন তার বড় ভাই আনিস আকবর।
ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বের সঙ্গে যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাধীন দেশের নাগরিক হিসেবে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন আনিস আকবর।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।
ভাইয়ের গাড়িতে গুলি চালানোর খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ফজরের নামাজ শেষে বাসায় ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানতে পারেন আনিস আকবর।
পরে অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের উদ্বেগের কথা জানান আসিফের বড় ভাই।
আনিস আকবর বলেন, ‘একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা এমন ঘটনা আশা করতে পারি না। আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আজকের ঘটনায় আল্লাহ হয়তো আসিফের হায়াত বাড়িয়ে দিয়েছেন। অন্যথায় এখানে বড় কোনো অঘটন ঘটে যেতে পারত।’
ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আনিস আকবর বলেন, প্রশাসনকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে।
প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করার পাশাপাশি তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে।
তার মতে, গুলি চালানোর প্রকৃত কারণ খুঁজে বের করা এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিবারের সদস্যরা ভালো আছেন জানিয়ে আনিস আকবর বলেন, তারা পাঁচ ভাই ভালো আছেন। তবে ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভালোভাবে যাচাই করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ প্রসঙ্গে আনিস আকবর বলেন, ‘মার্কেটে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, সেগুলো পুলিশ প্রশাসন ভালো করে যাচাই-বাছাই করলে আশা করি, সূত্র খুঁজে পাওয়া যাবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন বলে আমরা বিশ্বাস রাখি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন আসিফ আকবরের বড় ভাই। আপন ছোট ভাইকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটায় তিনি নিজেও ভীষণ সন্ত্রস্ত বলে জানান। এ সময় আসিফের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আনিস আকবর বলেন, ‘আসলে এখন কথা বলার মতো মানসিকতা আমার নেই, যেহেতু সে আমার আপন ছোট ভাই। আমি নিজেই ভীষণ সন্ত্রস্ত। আমি আশা করি, প্রশাসন এবং আপনারা সবাই তাকে দেখভাল করবেন। আশা করি, সে ভালো থাকবে আপনাদের দোয়ায়।’
এদিকে, আসিফ আকবরের গাড়িতে কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।