নারায়ণগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৪
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাহাত মোড়ল, ফেরদৌস হাওলাদার, টিপু মিয়া ও রায়হান নামের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আল-রাফি হাসপাতালের সামনের পাকা রাস্তা থেকে আব্দুস সহিদ ওরফে লাদেন ও রুমিনা আক্তারকে একটি অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফারুক ফকিরের বাড়ির ভাড়াটিয়া রায়হানের ভাড়া করা কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। পর জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।