সাথে থাকা প্রেসক্রিপশন দেখে মিলল মরদেহের পরিচয়

সাথে থাকা প্রেসক্রিপশন দেখে মিলল মরদেহের পরিচয়

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে হাসপাতালে মারা যাওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম রত্না বেগম (৪০)। সঙ্গে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্রের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত রত্না বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার গ্রামের খাঁ বাড়ির ইয়াসিন খানের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের মা। স্বজনদের দাবি, রত্না দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে রত্না বেগম কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তিনি নিখোঁজ হন। পরদিন শুক্রবার দুপুরে খাড়েরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধারে তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, প্রথমে ওই নারীর পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালের একটি চিকিৎসা ব্যবস্থাপত্র পাওয়া যায়।

অধ্যাপক সরোজ কুমার দাশের দেওয়া ওই ব্যবস্থাপত্রে রত্না বেগমের নাম ও কসবার ঠিকানা উল্লেখ ছিল। সেই সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

হাইওয়ে পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কসবা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।