কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
প্রতিকি ছবি
কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে এক ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ এক সঙ্গে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর তাদের চিহ্নিত করে রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ ১৬ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ ২ জনসহ মোট ১৮জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।