দুবাইপ্রবাসীর ৯৬ লাখ টাকা চুরি, ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সংগৃহীত ছবি
দুবাইয়ে বাংলাদেশির দোকান থেকে চুরি হওয়া ৯৬ লাখ ৩২ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ৪ লাখ ৪০ হাজার টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম।
শনিবার (২৪ অক্টোবর) রামুর জেঠিরাস্তা নিজ বাড়ি থেকে পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রবাসী সাইফুল ইসলাম গত ১ অক্টোবর চকরিয়া থানায় মামলা করেন।
মামলার বাদী সাইফুল ইসলাম কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সিকদারপাড়ার বাসিন্দা।
মামলায় দোকানের কর্মচারী মো. নোমানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মিলি আক্তার, উম্মে কুলছুম, রমিজুর রহমান তুহিন, মীর আহমদ ও জাহানারা আরজুসহ অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
তার অভিযোগ, দুবাইয়ে তার দোকান থেকে ৯৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ চুরির টাকা স্থানান্তর ও আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পায়। এ সময় আত্মসাৎ করা টাকার একটি অংশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
মামলার ৩ নম্বর আসামি উম্মে কুলছুমের স্বীকারোক্তিতে চেয়ারম্যান শাহ আলমের নাম উঠে আসে।
পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে উম্মে কুলছুম দাবি করেন, আত্মসাৎ করা টাকা থেকে শাহ আলম ৪ লাখ ৪০ হাজার টাকা ভাগ পেয়েছেন। এ তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল বলেন, তদন্তে ঘটনার সঙ্গে শাহ আলমের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান কালের কণ্ঠকে বলেন, বিষয়টি তিনি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে জেনেছেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া।