মুন্সীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখার অভিযোগে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের নাইম স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মনিরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সালাহউদ্দিন গোশত বিতানে গরুর মাংস বিক্রি করা হলেও মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল না। এ অপরাধে দোকানটির কর্মচারী ইউসুফ মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।
বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।