শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

প্রতিকি ছবি

বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী এক নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছর কারাভোগের আদেশ দেয় আদালত।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় দেন। মামলায় তিনজনের নাম উল্লেখ থাকলেও রায়ে মো. মামুন মন্ডল (৩৮) ও মো. রকি (২৬) নামের দুই আসামি খালাস পান।

রায়ের সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আল মোহাইমিনু মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আল মোহাইমিনু মেহেদী হাসান বগুড়ার কাহালু উপজেলার পাইকপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল মান্নান জানান, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর শিতলাইগ্রামে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় ১৫ বছর বয়সী নাবালিকা ওই শিক্ষার্থী। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি মো. আল মোহাইমিনু মেহেদী হাসান, তার ভাই মো. মামুন মণ্ডল এবং ভাগ্নে মো. রকিসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন একটি সিএনজিযোগে তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

এরপর তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৮ এপ্রিল ওই নাবালিকার মা মোছা. লাবনী আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে কাহালু থানায় মামলা করেন। মামলার ১ নং আসামি মো. আল মোহাইমিনু মেহেদী হাসান সম্পর্কে তার ভাগ্নি জামাই। দীর্ঘ শুনানির পর আদালতের বিচারক এই রায় দেন।