লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের সদর উপজেলায় গলায় ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে। পরে মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এলাকায় তাঁর বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।