বৈচিত্র্যময় সংস্কৃতিই জাতীয় পরিচয়ের শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বৈচিত্র্যময় সংস্কৃতিই জাতীয় পরিচয়ের শক্তি: সংস্কৃতিমন্ত্রী

সংগৃহীত ছবি

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে: ২০২৬’-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রবিবার রাতে শহরের ঐতিহাসিক রাজার মাঠে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সব জাতিসত্তা ও জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জাতীয় পরিচয়ের শক্তি। জাতি, ধর্ম, বর্ণ কিংবা বসবাসের স্থান বিবেচনায় কাউকে বিভেদ করা যাবে না। সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বারোপ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।

তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি জোরদার করতে ‘রেইনবো নেশন’ ধারণা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বৃহৎ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।