বরিশালে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্টোকজনিত কারণে অসুস্থ ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
মৃত মো. মনির ফকির (৫০) গোয়ালবাথান গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে। তিনি খুলনার একটি জুট মিলে চাকরি করতেন। দীর্ঘদিন ধরে স্ট্রোকসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
স্থানীয়রা জানান, অসুস্থ মনির ফকিরের চিকিৎসার খরচ জোগাতে পৈতৃক জমি বিক্রির বিষয় নিয়ে স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে মারিয়া নিজেদের নামে জমি লিখে দেয়ার জন্য বেশ কিছুদিন ধরে তাকে চাপ দেয়। রবিবার রাতে কয়েকবার প্রতিবেশীরা তাঁদের বাড়ি থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে কান্নাকাটির শব্দ শুনে ঘরে যায়। তখন তাঁর স্ত্রী ও মেয়ে বিষয়টিকে পারিবারিক বিষয় উল্লেখ করে তাদেরকে পাঠিয়ে দেয়। সোমবার সকালে মনির ফকিরের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
মাধবপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বেগ জানান, পারিবারিক কলহের জেরে মনির ফকির স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। মনির দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় এটি স্বাভাবিক মৃত্যু কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মনির ফকিরের মৃতদেহে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। এমনকি পরিবারের পক্ষ থেকেও কেউ অভিযোগ করেনি। স্থানীয়রা বিভিন্ন ধরনের কথা বলছেন। জমি নিয়ে বিরোধও রয়েছে। তাই মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে মনির ফকিরের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।