চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১০৫৬
প্রতিকী ছবি
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১০জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৫ জন, পরোয়ানা মূলে ১২৭ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৭ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৬ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৬টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ১ হাজার ২১২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৬৭৫ গ্রাাম গাজাঁ ও ৯৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুইজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, নোয়াখালীতে তিনজন, রাঙ্গামাটিতে একজন ও খাগড়াছড়িতে একজন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ৩৯৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয় এবং ১৭১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা- চট্টগ্রামে ১৩৩ জন, কক্সবাজারে আটজন, কুমিল্লা ১৮৩ জন, ব্রাহ্মণবাড়িয়া ২২ জন, চাঁদপুর ৩৭ জন, নোয়াখালী ৩৪, ফেনী সাতজন, লক্ষ্মীপুর ১১৬ জন, রাঙ্গামাটি ১৭ জন ও খাগড়াছড়ি ১৩ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।